রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এতে বলা হয়েছে, বাবু খাঁ ১১ কেভি ফিডারের আওতাধীন নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবু খাঁ, মধ্য বাবু খাঁ, উত্তর বাবু খাঁ, বাবু খাঁ মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবু খাঁ, নাড্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
Reporter Name 







